
প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধে ইরানের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ যে জলপথ দিয়ে পরিবাহিত হতো, সেটির নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে তেলের দাম ও যুদ্ধের গতিপথ প্রভাবিত করার চেষ্টা করছে তেহরান। ইরানকে সামরিকভাবে পরাস্ত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব প্রচেষ্টা এসে আটকে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ জলপথে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম বিপজ্জনক জলপথে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া এবং তেল বিক্রি থেকে ইরানের আয় সংকুচিত হওয়ার মধ্যে প্রণালিটিতে আবারও হামলার মাত্রা বাড়িয়েছে দেশটি বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার চেষ্টা করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হলেও বর্তমানে এখান দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ২০২৫ সালের ভিত্তিমাত্রার তুলনায় অনেক কম।
সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ম্যারিস্কসের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ও শনিবার হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় তিনটি তেলবাহী ট্যাংকার ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার পেছনে কারা রয়েছে, তা নিশ্চিত করতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে হামলাগুলোর সঙ্গে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে বলে তারা মূল্যায়ন করেছে।
বিশ্ববাজারে তেলের দাম কমতে থাকা এবং ইরানের অভ্যন্তরীণ অপরিশোধিত তেল বিক্রি থেকে আয় ক্রমাগত চাপে পড়ায় তেহরান হামলা জোরদার করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, কৌশলগত এই জলপথের ওপর নিজেদের প্রভাব হারাচ্ছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা হিসেবে দেশটি হামলার মাত্রা আরও বাড়াতে পারে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি পুনরুদ্ধার হওয়ায় সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার আশঙ্কা কমে যাওয়ায় দেশটির মধ্যবর্তী নির্বাচনের ফলাফল প্রকাশের পরও তেলের দাম নিম্নমুখী হয়েছে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ ইরান বিশ্লেষক হামিদরেজা আজিজি বলেন, বাজারে ক্রমেই এমন ধারণা তৈরি হচ্ছে যে পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়ার আশঙ্কা কম। পাশাপাশি তেলের সরবরাহও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে ইরান সংঘাত আরও তীব্র করার সিদ্ধান্ত নিলে বাজারের এই ধারণা দ্রুত বদলে যেতে পারে।
এদিকে, সামুদ্রিক তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকায় বিশ্ববাজারে দেশটির তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। এতে ইরানের অভ্যন্তরীণ তেল বিক্রি থেকে আয় দ্রুত কমছে।
অক্টোবরের শেষ দিকে কেপলার জানায়, যুক্তরাষ্ট্রের অবরোধ এলাকার বাইরে সমুদ্রে থাকা ইরানি তেলের পরিমাণ শূন্যে নেমে এসেছে। কারণ, চলতি মাসের শুরুর দিকে চীনে সর্বশেষ তেলবাহী কার্গো খালাস করা হয়েছে। এর ফলে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ ইরানের তেল বিক্রি থেকে আয়ও শূন্যে নেমে আসতে পারে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসে জানিয়েছেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই সময় অনেক আগেই পেরিয়ে গেছে! তাদের শত শত বিলিয়ন ডলার আমাদের হাতে, আর তাদের প্রণালিও আমাদের দখলে!’
পরবর্তী সময়ে ট্রাম্প এমন ইঙ্গিতও দিয়েছেন যে প্রয়োজন হলে ইরানের ওপর আবারও সামরিক হামলা চালাতে তিনি দ্বিধা করবেন না।
হরমুজ ও আশপাশের জলসীমায় হামলা বেড়েছে
যুদ্ধ শুরু হওয়ার পর গত অক্টোবরে প্রথমবারের মতো হামলার সংখ্যা ৩০ ছাড়িয়ে যায়। রয়্যাল নেভি-সংশ্লিষ্ট যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা কেন্দ্র (ইউকেএমটিও) এসব হামলার পরিসংখ্যান প্রকাশ করেছে।
ইউকেএমটিওর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রোববার পর্যন্ত নভেম্বর মাসে অন্তত ২২টি হামলার খবর পাওয়া গেছে। যুদ্ধ শুরুর পর থেকে এটি দ্বিতীয় সর্বোচ্চ হামলার সংখ্যা। সংস্থাটির এই পরিসংখ্যানের আওতায় রয়েছে হরমুজ প্রণালি, পারস্য উপসাগর ও ওমান উপসাগর।
তবে ব্রিটিশ এই সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থার প্রকাশিত পরিসংখ্যানে প্রকৃত হামলার সংখ্যা কম উঠে আসতে পারে। কারণ, সংস্থাটি কেবল প্রাথমিক উৎসের মাধ্যমে যাচাই করা ঘটনাগুলোর তথ্য প্রকাশ করে।
শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক পর্যালোচনায় ইউকেএমটিও জানিয়েছে, আরও কয়েকটি হামলার ঘটনা সম্পর্কে তারা জানতে পেরেছে। তবে সেগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সাম্প্রতিক মাসগুলোতে কৌশলগত এই জলপথে জাহাজের ওপর হামলা বাড়তে থাকায় অনেক জাহাজ নিজেদের অবস্থান শনাক্ত হওয়া এড়াতে বাণিজ্যিক ট্র্যাকিং ডিভাইস বন্ধ করে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অক্টোবরের মাঝামাঝি প্রকাশিত এক প্রতিবেদনে ইউকেএমটিও জানায়, হামলার শিকার অধিকাংশ জাহাজই সংস্থাটিকে ঘটনার বিষয়ে জানাতে রাজি হচ্ছে না। ফলে হামলার প্রকৃত সংখ্যা নির্ভুলভাবে তুলে ধরতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।
এদিকে, ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে প্রতিদিনই হামলা চালানো হচ্ছে।
এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সামুদ্রিক মাইনও ব্যবহার করা হচ্ছে। ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর ওমানের খাসাবের কাছে হরমুজ প্রণালিতে একটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এরপর জাহাজটিতে আগুন ধরে যায় এবং একপর্যায়ে আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।
তেল ও গ্যাস পরিবহনে বাড়ছে ঝুঁকি
অক্টোবরের আগে এই অঞ্চলে প্রতি মাসে গড়ে প্রায় ১০টি হামলার ঘটনা নথিভুক্ত হতো। পরিসংখ্যানে কিছু পার্থক্য থাকলেও আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার তথ্যেও দেখা যাচ্ছে, চলতি বছরের এখন পর্যন্ত অক্টোবরেই সবচেয়ে বেশি নিশ্চিত হামলার ঘটনা ঘটেছে।
যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সীমান্তে পরিণত হয়েছে। এই জলপথে একের পর এক হামলার কারণে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে। এর প্রভাব শুধু আঞ্চলিক জ্বালানি সরবরাহেই সীমাবদ্ধ থাকছে না, বরং বৈশ্বিক অর্থনীতিতেও বিরূপ পরিস্থিতি তৈরি করছে।