
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছেন ইসরাইলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। এসব সহিংসতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দায়ী করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও গাড়িতে আগুন দিয়েছেন ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এসব ঘটনার পর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন ইসরাইলের পার্লামেন্ট নেসেটের কয়েকজন সদস্য।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, বসতি স্থাপনকারীদের এ ধরনের হামলা নিঃসন্দেহে ‘ইহুদি সন্ত্রাসবাদ’। পশ্চিম তীরে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের নেতৃত্বে সরকারের বিভিন্ন পদক্ষেপ অঞ্চলটিকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে।
এসব হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক আটক, গোয়েন্দা সংস্থা শিন বেতের বিশেষ অভিযানসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিরোধী নেতা ইয়ার লাপিদও পশ্চিম তীরে চলমান সহিংসতার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করেছেন। তার অভিযোগ, সরকারের অপরাধমূলক অবহেলার কারণেই ইহুদি সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে।
এক্সে দেওয়া পোস্টে লাপিদ বলেন, সরকারের মন্ত্রীরা নীরব থেকে বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছেন। বিরোধীরা ক্ষমতায় এলে এ ধরনের সন্ত্রাসবাদ দমনের পাশাপাশি রাষ্ট্রীয় কর্তৃত্ব, আইনের শাসন ও জনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
২০২২ সালের শেষ দিক থেকে ইসরাইলে ডানপন্থী জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহু। দেশটির ইতিহাসে এই সরকারকে সবচেয়ে ডানপন্থী সরকার হিসেবে বিবেচনা করা হয়।
গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। এ জন্য তাকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি সরকার গঠনে ব্যর্থ হলে পার্লামেন্টের অন্য কোনো সদস্যকে এই দায়িত্ব দেওয়া হবে।
তৃতীয় ইন্তিফাদার আশঙ্কা, সরকার পরিবর্তনের দাবি
এদিকে পশ্চিম তীরে নতুন করে তৃতীয় ইন্তিফাদা বা ফিলিস্তিনি গণঅভ্যুত্থান শুরু হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। তার মতে, অঞ্চলটি বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে রয়েছে।
১৯৮৭ ও ২০০০ সালে ফিলিস্তিনিদের প্রথম ও দ্বিতীয় ইন্তিফাদা সংঘটিত হয়েছিল। গোলান বলেন, তৃতীয় ইন্তিফাদা ঠেকাতে হলে বর্তমান সরকারের পরিবর্তন জরুরি। কারণ, এই সরকার ইহুদি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে এবং নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করছে।
তিনি আরও বলেন, এ ধরনের সহিংসতায় নিরীহ ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরাইলি সেনারাও ঝুঁকির মধ্যে পড়ছেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের বিচ্ছিন্নতা আরও বাড়ছে।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও নেসেট সদস্য নোয়াম তিবনও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন। তার আশঙ্কা, ইহুদি সন্ত্রাসবাদ বন্ধ করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত তা ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তিবন বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কেবল শুরু। সহিংসতা অব্যাহত থাকলে দেশটির ব্যাংকগুলোর ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
এর আগে গত বুধবার ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন এবং অবৈধ বসতি সম্প্রসারণে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তি ও চারটি ইসরাইলি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া। এর আগের দিন পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আটটি ইসরাইলি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। জাতিসংঘ ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে আসছে।
পশ্চিম তীরে হামলা ও নিষেধাজ্ঞার বিস্তার
ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় পশ্চিম তীরের পাঁচটি এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মধ্য পশ্চিম তীরের দেইর আল-সুদান, কাফর মালিক ও দেইর আবু মাশাল, দক্ষিণের আল-তুওয়ানি এবং উত্তরের দেইর বালুত এলাকায় এসব হামলা চালানো হয়।
ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে ইসরাইলি পুলিশ। তবে এসব ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
প্রতিবেদন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৫৬টি অবৈধ বসতি এবং বসতি স্থাপনকারীদের ৩৬০টি ফাঁড়ি রয়েছে। এসব এলাকায় প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসবাস করেন।
ফিলিস্তিনের উপনিবেশায়ন ও দেয়াল প্রতিরোধ কমিশনের তথ্যমতে, গত অক্টোবর মাসে ইসরাইলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে মোট ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৬৪টি হামলার জন্য সেনাবাহিনী এবং ১ হাজার ৩৬৯টি হামলার জন্য বসতি স্থাপনকারীদের দায়ী করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা এবং তাদের বাড়িঘর ও সম্পত্তি ধ্বংসের ঘটনা বেড়েছে।
অন্যদিকে, দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। এ ছাড়া গাজা যুদ্ধের ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার মুখেও রয়েছেন তিনি।