
রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার মধ্যে থাকা আওয়ামী লীগকে সংবিধানেও নিষিদ্ধ করা হবে, নাকি রাজনৈতিক অঙ্গনেই দলটির মোকাবিলা করা হবে—এ প্রশ্নে ক্ষমতাসীন বিএনপির মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে রাজপথে সহিংসতা বাড়তে থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জরুরি সংলাপ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এরই মধ্যে দলটিকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের সাম্প্রতিক বক্তব্য এ বিতর্ককে আরও উসকে দিয়েছে।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আওয়ামী লীগকে সংবিধানের মাধ্যমে নিষিদ্ধ করে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়া হবে, নাকি নির্বাচন ও আদালতের মাধ্যমে দলটির মোকাবিলা করা হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এখনো রয়ে গেছে।