
ইরানে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক হামলা হলে দেশটিকে রক্ষায় এগিয়ে আসতে প্রস্তুত হাজার হাজার ইরাকি নাগরিক। এ লক্ষ্যে ইতোমধ্যে বহু ইরাকি একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ইরাকের দিয়ালা প্রদেশে অন্তত পাঁচ হাজার মানুষ একত্রিত হয়ে ঘোষণা দেন, তারা ইরাক ও পূর্বদিকের প্রতিবেশী দেশ ইরানকে রক্ষায় প্রস্তুত। একই সঙ্গে তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকেও ‘বিনা পারিশ্রমিকে’ সহায়তা করার অঙ্গীকার করেন তারা।
বিবৃতিতে বলা হয়, “আমাদের নিরাপত্তা বাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এবং ইরানকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে আমরা আমাদের প্রস্তুতি ঘোষণা করছি।” একই সঙ্গে তারা “ইসলামী প্রজাতন্ত্রে মার্কিন হস্তক্ষেপকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি” বলেও উল্লেখ করেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার প্রেক্ষাপটেই ইরাকের হাজার হাজার নাগরিকের এমন ঘোষণা সামনে এলো।
এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আকস্মিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, ট্রাম্প ইরানে সরকার পতন ও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন।
এই উত্তেজনাকর পরিস্থিতিতে ইতোমধ্যে ইরানের উপকূলীয় জলসীমার কাছাকাছি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ইসরায়েলও যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে।