.jpg)
রাশিয়ার সরকারবিরোধী নেতা প্রয়াত অ্যালেক্স নাভালনিকে সাইবেরিয়ার কারাগারে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তুলেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের দাবি, এই হত্যাকাণ্ডে রাশিয়ার রাষ্ট্রীয় সংশ্লিষ্টতা রয়েছে। খবর জানিয়েছে বিবিসি।
২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার এক পেনাল কলোনিতে ৪৭ বছর বয়সে নাভালনির মৃত্যু হয়। তার দেহ থেকে সংগ্রহ করা নমুনার বিশ্লেষণে যুক্তরাজ্য ক্রেমলিনকে দায়ী করেছে। একই সঙ্গে সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসও যৌথ বিবৃতিতে রাশিয়াকে দায়ী করেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, “কারাবন্দি অবস্থায় নাভালনির দেহে বিষ প্রয়োগের সামর্থ্য, উদ্দেশ্য ও সুযোগ একমাত্র রাশিয়ারই ছিল। রাশিয়া তাকে রাজনৈতিক হুমকি হিসেবে দেখত।”
তিনি আরও বলেন, “নাভালনির শরীরে যে এপিবাটিডিন নামের উপাদান পাওয়া গেছে, তার অন্য কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। এটি প্রমাণ করে, রাশিয়া রাজনৈতিক বিরোধীকে দমন করতে কতটা চরম পদ্ধতি অবলম্বন করতে পারে।”
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এপিবাটিডিন একটি প্রাকৃতিক অ্যালকালয়েড যা ইকুয়েডরের বিষাক্ত ডার্ট ব্যাঙ থেকে পাওয়া যায়। এটি অত্যন্ত শক্তিশালী এবং কারাবন্দি অবস্থায় প্রয়োগ করা কঠিন।
যুক্তরাজ্য জানিয়েছে, তারা সম্ভাব্য রাসায়নিক অস্ত্র কনভেনশন লঙ্ঘনের বিষয়ে বিষয়টি আন্তর্জাতিকভাবে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার কাছে উত্থাপন করেছে।