
পাকিস্তানের করাচি–এর সোলজার বাজার এলাকায় একটি আবাসিক ভবনের নিচ তলায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে চার শিশু এবং তিন নারী রয়েছেন।
স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তিন তলা ভবনের নিচ তলায় বিস্ফোরণটি ঘটে, জানায় জিও নিউজ। উদ্ধারকারী দল জানিয়েছে, বিস্ফোরণের কারণে নিচতলা ধসে পড়েছে। এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
পুলিশের ধারণা, গ্যাস সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন থেকে লিক হওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ এবং আহতদের উদ্ধার করছে। নিহতদের মধ্যে ১০ বছর বয়সি এক শিশু এবং ৬০ বছর বয়সি এক বৃদ্ধ রয়েছেন। এছাড়া আহত অবস্থায় ১৪ বছর বয়সি এক কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আরও শিশুরাও রয়েছেন।