
ঝড়-বৃষ্টি আর বজ্রপাতের মধ্যেই আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল একটি এয়ার অ্যাম্বুলেন্স। ভারতের ঝাড়খণ্ডে মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানে থাকা সাতজনই।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়ার কাছে বিমানটি বিধ্বস্ত হয়। রাজ্য সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানান, রাঁচি থেকে দিল্লিগামী এয়ার অ্যাম্বুলেন্সটি পথেই দুর্ঘটনার শিকার হয়।
চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি. সংবাদ সংস্থা Press Trust of India-কে বলেন, "এয়ার অ্যাম্বুলেন্সে থাকা সাতজনই দুর্ঘটনায় মারা গেছেন। বিমানটি রাঁচি থেকে দিল্লির দিকে যাচ্ছিল।"
NDTV-র এক প্রতিবেদনে জানানো হয়, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় আধাঘণ্টা পর, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সিমারিয়ার বাড়িয়াতু পঞ্চায়েত এলাকার একটি জঙ্গলে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুর্ঘটনার সময় এলাকাজুড়ে তীব্র দমকা হাওয়া, ভারী বর্ষণ এবং বজ্রপাত চলছিল। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বিকট শব্দে বিমানটি ভেঙে পড়ে।
রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার জানান, উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়া দুর্ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। তবে পূর্ণাঙ্গ তদন্তের পরই প্রকৃত কারণ স্পষ্ট হবে।