
ভারত-অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে জইশ-ই-মোহাম্মদের এক মোস্ট ওয়ান্টেড সদস্যসহ তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে জইশের সন্ত্রাসী সাইফুল্লাহ ছিলেন দীর্ঘদিন ধরে পলাতক। গত দুই বছর ধরে তিনি এ অঞ্চলে আত্মগোপনে ছিলেন এবং অন্তত ২০টি অভিযানে নিরাপত্তা বাহিনীর হাত এড়িয়ে যান।
নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযানে নামে। বাহিনীর সদস্যরা অবস্থানের দিকে অগ্রসর হলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে, সেখান থেকেই শুরু হয় বন্দুকযুদ্ধ। পাল্টা গুলিতে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানে রাজ্য পুলিশ, সিআরপিএফ এবং বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নেন।
ঘটনাস্থল থেকে দুটি অ্যাসল্ট রাইফেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই এলাকায় এর আগে সংগঠনটির আরেক গুরুত্বপূর্ণ সদস্য আদিল নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন।
গত মাসে চাত্রু বনাঞ্চলে প্রায় অর্ধডজন বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জানুয়ারিতে শুরু হওয়া ‘অপারেশন ত্রাশি-১’ কিশ্তওয়ারের দুর্গম বন ও পাহাড়ি অঞ্চল—চাত্রু, সন্নার, দোলগাম ও দিচ্ছর—ঘিরে পরিচালিত হচ্ছে। এসব এলাকায় একাধিক তল্লাশি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।