
নেপালে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে।
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ধাদিং জেলার গাজুরি এলাকায় পৃথ্বী হাইওয়ের অংশে সড়ক থেকে ছিটকে বাসটি ত্রিশুলি নদীতে পড়ে যায়। স্থানীয় সময় রাত দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নেপালের আধা-সামরিক বাহিনী ‘আর্মড পুলিশ ফোর্স’-এর মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা জানান, পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুগামী বাসটিতে ৪৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ২৮ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে একজন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে জাপান ও নেদারল্যান্ডসের দুই নারী পর্যটকও আছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই নেপাল সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স ও নিয়মিত পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নদীতে পড়ে যায়। তবে সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
