
দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নিশ্চিত করতে কুষ্টিয়া পৌর বাজারে সরেজমিন তদারকিতে নেমেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি কুষ্টিয়া পৌর বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাজার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য ব্যবসায়ীদের প্রতি পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানানোর আহ্বান জানান। পাশাপাশি অযৌক্তিকভাবে অতিরিক্ত মুনাফা না করার জন্য সতর্ক করেন।
এ অভিযানে তার সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজারে স্বাভাবিক অবস্থা বজায় রাখতে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার গুরুত্ব তুলে ধরেন।