
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজ সংলগ্ন এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে ভর্তি একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে মহাসড়কজুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ ও নগদ অর্থ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান–এর প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। বিমানটি ভূপাতিত হওয়ার পর মহাসড়কের প্রায় এক ডজন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। রাস্তায় ছড়িয়ে পড়ে মরদেহ এবং বিমানের বিভিন্ন অংশ। অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, এটি ছিল বলিভিয়ার বিমান বাহিনীর একটি হারকিউলিস কার্গো বিমান। কেন্দ্রীয় ব্যাংক থেকে দেশের বিভিন্ন শহরে নতুন নোট পরিবহনের দায়িত্বে ছিল বিমানটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, লা পাজের পাশের শহর এল আল্টো এলাকায় বিমানটি প্রথমে কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়, এরপর একটি খোলা মাঠে গিয়ে থামে। দুর্ঘটনার সময় বিমানটি উড্ডয়নের পর্যায়ে ছিল, নাকি অবতরণের সময়—এ নিয়ে ভিন্নমত রয়েছে।
এদিকে বিধ্বস্ত হওয়ার পর বিমানে থাকা বিপুল পরিমাণ ব্যাংক নোট রানওয়ের বাইরে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে টাকা কুড়ানোর হিড়িক পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দৃশ্যপটে দেখা যায়, ছড়িয়ে পড়া নোট সংগ্রহ করতে মানুষের ভিড় ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে দেখা যায়।