
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠল। ইরানে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিষয়টি জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী Israel Defense Forces (আইডিএফ) দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে।
আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইসরায়েলে দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আসার পরিপ্রেক্ষিতে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, তেহরানে একাধিক বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। দেশটিতে অবস্থানরত আল জাজিরার সাংবাদিকও এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের জমহৌরি এলাকা ও একটি বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মধ্যেই এই হামলা সংঘটিত হলো।
ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।