
মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স-কে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে তেহরান শক্ত অবস্থান নিতে প্রস্তুত। রয়টার্সকে তিনি জানান, পাল্টা হামলাগুলো হবে ‘ক্রাশিং’ বা ‘চূর্ণবিচুর্ণকর’ এবং কঠোর।
অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে।
হামলা শুরুর পরপরই ইসরাইল কাটজ সারা দেশে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ জারি করেন। উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য পাল্টা হামলা মোকাবিলায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে এ দাবি করেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।
এদিকে ইরানের রাজধানী তেহরান-এর কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে—এমন প্রতিবেদন তারা পেয়েছে।