
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পেল লেবাননে ইসরায়েলের বড় ধরনের বিমান হামলায়। এ হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪৯ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। একই সময় ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আল-জাজিরা, ইসরায়েলি বিমান হামলায় রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননের জাতীয় বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়, বৈরুতের উপশহরগুলোতে ২০ জন নিহত ও ৯১ জন আহত হয়েছেন। আর দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন ১১ জন এবং আহত হয়েছেন ৫৮ জন।
এর আগে উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপের দায় স্বীকার করে হিজবুল্লাহ। এর পরপরই লেবাননে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার মাধ্যমে যে আঞ্চলিক সংঘাতের সূচনা হয়েছিল, এই নতুন হামলায় তা আরও বিস্তৃত হয়েছে বলে মনে করা হচ্ছে।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের এলাকা ছাড়ার হুমকিও দিয়েছে ইসরায়েল। ফলে দক্ষিণাঞ্চলের লাখো মানুষ নিরাপত্তার খোঁজে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
এদিকে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির হিজবুল্লাহর বিরুদ্ধে ‘আক্রমণাত্মক অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর রকেট হামলার পর এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন। ইয়াল জামিরকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমরা হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরু করেছি’।
এদিকে ইরানের নতুন দফার হামলাকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলেও চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন এ বিস্ফোরণ ও হামলার সতর্কতা সাইরেন বাজানোর খবর পাওয়া গেছে। একই সময়ে ইসরায়েল দাবি করেছে, তাদের লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে কাতারের রাজধানী দোহায়ও প্রায় আধা ডজন বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা জানানো হয়েছিল। দোহায় জোরালো কয়েকটি বিস্ফোরণের আওয়াজ শোনা যাওয়ায় ধারণা করা হচ্ছে, ইরানের হামলা অব্যাহত রয়েছে।
অন্যদিকে কুয়েতে আবারও বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজেছে। সাম্প্রতিক কয়েক ঘণ্টায় দেশটিতে অন্তত তৃতীয়বারের মতো এই সতর্কবার্তা জারি করা হলো। কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীমুখী ড্রোনগুলোর ‘অধিকাংশ’ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিমান হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রাজধানী মানামাকে পার্শ্ববর্তী শহরগুলোর সঙ্গে সংযুক্ত শেখ খলিফা বিন সালমান সেতু বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রয়োজন ছাড়া প্রধান সড়ক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান তাদের লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং সেগুলো মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান এই সংঘাত এখন আরও বিস্তৃত আকার ধারণ করছে বলে আশঙ্কা করা হচ্ছে।