
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ভারত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চলমান সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার ১ মার্চ বাংলাদেশ সময় দিবাগত রাত প্রায় ২টার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানান মোদি। একই সঙ্গে তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোতেও বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা হয়েছে। তার সঙ্গে (মধ্যপ্রাচ্যের) বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তাকে আমি সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং সাধারণ মানুষের নিরাপত্তাকেই সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছি। ভারত আবারও স্পষ্ট করে বলছে যে, এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত।’
এর আগে শনিবার ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রধানত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে এ হামলা পরিচালিত হয়। এতে প্রাণ হারান খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি এবং বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।