
যুদ্ধবিরতির কয়েক মাস পর আবারও উত্তপ্ত হলো ইসরায়েল-লেবানন সীমান্ত। উত্তর ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে সশস্ত্র ইসলামি রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ।
সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের জনগণ ও তাদের নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, “ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননের জনগণ ও হিজবুল্লার নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এ হামলাকরা হয়েছে। প্রতিরোধী শক্তির নেতৃত্ব সবসময়েই আমাদের শিখিয়েছে যে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন এবং আমাদের নেতা-কর্মী এবং সমর্থকদের গুপ্তহত্যা থেকে নিজেদের রক্ষা করার অধিকার আমাদের আছে। আমরা যথাযথ সময়ে সেই অধিকারের প্রয়োগ ঘটিয়েছি।”
বাংলাদেশ সময় সোমবার ভোরে লেবানন থেকে উত্তর ইসরায়েলের বন্দরনগরী হাইফা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলো লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপ করা হয়। হামলার পরপরই ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ ঘটনার জন্য হিজবুল্লাহকে দায়ী করে প্রতিবেদন প্রকাশ করে।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথমবারের মতো লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হলো। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি হামলাটিকে ‘দায়িত্বহীন’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানান এবং বলেন, এই পদক্ষেপ লেবানন ও তার জনগণের নিরাপত্তাকে আরও গভীর সংকটে ফেলেছে।
সূত্র: আল জাজিরা