
তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরান থেকে হামলা চালানো হয়েছে—এমন অভিযোগকে স্পষ্টভাবে নাকচ করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানের ভূখণ্ড থেকে এসব দেশের বিরুদ্ধে কোনো আক্রমণ শুরু হয়নি।
সোমবার (৯ মার্চ) রাজধানী তেহরান-এ এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজান লক্ষ্য করে ইরানি হামলার খবর ছড়িয়ে পড়ার পর এই প্রতিক্রিয়া জানায় তেহরান।
ইসমাইল বাঘাই ইঙ্গিত দেন, হামলার এসব অভিযোগ পরিকল্পিতভাবেও ছড়ানো হতে পারে। তিনি বলেন, “আমরা বারবার সতর্ক করেছি যে শত্রুপক্ষ আমাদের এবং অন্যান্য দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কিছু হামলার কাহিনি সাজিয়ে থাকতে পারে।”
চলমান সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, “আমরাই এই যুদ্ধ শুরু করিনি বা উসকানি দিইনি। এটি কোনো পছন্দের যুদ্ধ নয়। এটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রয়োজনের যুদ্ধ।”
সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতার উদ্যোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আলোচনা প্রাসঙ্গিক নয়। বাঘাই বলেন, “এই মুহূর্তেও সামরিক সংঘর্ষ চলমান রয়েছে। এই নির্দিষ্ট সময়ে আমাদের মাতৃভূমি রক্ষার বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা প্রাসঙ্গিক নয়।”