
গত ২৪ ঘণ্টায় ইরাক ও এর আশপাশের অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিতে আট দফা হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো।
শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত একটি গোষ্ঠী।
বিবৃতিতে বলা হয়, সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাক এবং আশেপাশের অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই অভিযান পরিচালনা করেছে।
এদিকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলা হয়েছে। একজন মার্কিন নিরাপত্তা কর্মকর্তা সিএনএনকে জানায়, শনিবার দূতাবাস চত্বরে দুটি ড্রোন আঘাত হানে। হামলার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের এখনই ইরাক ত্যাগ করা উচিত বলে জানিয়েছে দেশটি।
বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এক নিরাপত্তা সতর্কতামূলক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন নাগরিকদের এখনই ইরাক ছেড়ে যাওয়া উচিত। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে বড় ধরনের হুমকি তৈরি হওয়ায় যেসব মার্কিন নাগরিক ইরাকে অবস্থান করার সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের উচিত বিষয়টি পুনর্বিবেচনা করা।’
সূত্র: আনাদোলু