
ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ ধরনের খবরকে সম্পূর্ণ ‘ভুয়া’ বলে দাবি করেছে তেল আবিব। তা সত্ত্বেও একটি ভিডিও বার্তায় দেখা দেওয়া সন্দেহজনক কারিগরি ত্রুটির কারণে নেটিজেনদের মধ্যে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, “এগুলো সম্পূর্ণ ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।” তবে তিনি যে শারীরিকভাবে সুস্থ ও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন—এমন কোনো স্পষ্ট প্রমাণ বা সাম্প্রতিক স্থিরচিত্র এখনো প্রকাশ করেনি তার দপ্তর।
এদিকে গত ৩ মার্চের পর থেকে তাকে আর প্রকাশ্যে কোথাও দেখা যায়নি বলেও জানা গেছে।
বিতর্কের সূত্রপাত ঘটে গত শুক্রবার (১৩ মার্চ) এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত নেতানিয়াহুর একটি ভিডিও বার্তা ঘিরে। ভিডিওটিতে তিনি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। কিন্তু ভিডিওটির একটি অংশে তীক্ষ্ণ নজরধারী কয়েকজন ব্যবহারকারী লক্ষ্য করেন, নেতানিয়াহুর ডান হাতে পাঁচটির বদলে ‘ছয়টি আঙুল’ দেখা যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে ‘ক্ল্যাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ হিসেবে উল্লেখ করছেন। কিছু ব্যবহারকারীর দাবি, নেতানিয়াহু হয়তো গুরুতর আহত অথবা নিহত হয়েছেন এবং বিষয়টি গোপন রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ‘ডিপফেক’ ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে এই দাবি খারিজ করেছে ইলন মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক’, যা বিষয়টিকে ভুয়া বলে উল্লেখ করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ব্যাপকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ এক হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল এবং আশপাশের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
নেতানিয়াহুর দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিত থাকা এবং বিতর্কিত ভিডিওটি ঘিরে আন্তর্জাতিক মহলে এখন প্রশ্ন উঠছে—ইসরায়েলের প্রধানমন্ত্রী কি সত্যিই সম্পূর্ণ নিরাপদ আছেন?
সূত্র: আনাদোলু, এনডিটিভি