
ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন।
সোমবার (১৬ মার্চ) রাজধানী নয়াদিল্লি–র বিজ্ঞান ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার–এর নেতৃত্বাধীন ফুল বেঞ্চ এই তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২১ সালের মতো আট দফায় নয়; এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে মাত্র দুই দফায়। এর মধ্যে ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।
তফসিল ঘোষণার পর সোমবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে। সেখানে ভোটের প্রস্তুতি ও নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, দফা কমানো হলেও রাজ্যের রাজনৈতিক স্পর্শকাতরতা ও সহিংসতার আশঙ্কা বিবেচনায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হবে।
কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ভোটার প্রায় ১৭ কোটি ৪০ লাখ। এর মধ্যে এককভাবে পশ্চিমবঙ্গেই ভোটার প্রায় ৬ কোটি ৪৪ লাখ। রাজ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৮ লাখ, নারী ভোটার ৩ কোটি ১৬ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ১৫২ জন।
সব মিলিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলোতে মোট ৮২৪টি বিধানসভা আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।