
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। যে শোধনাগারটিতে বিস্ফোরণ হয়েছে, সেটি মার্কিন তেল ও গ্যাস কোম্পানি ভালেরোর মালিকানাধীন।
ঘটনার কিছুক্ষণ পর পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি বিভাগ এক বিবৃতিতে জানায়, “ভালেরো’র তেল শোধনাগারে সাম্প্রতিক বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে শোধনাগারটির আশাপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। শোধনাগারটির সংলগ্ন সব এলাকার বাসিন্দাদের ওপর এই নির্দেশ প্রজোয্য।”
অন্যদিকে, ভালেরো কোম্পানি পৃথক এক বিবৃতিতে জানায়, “টেক্সাসের পোর্ট আর্থার শহরে কোম্পানির তেল শোধনাগারে বিস্ফোরণ হয়েছে। ওই শোধনাগারের সব কর্মীর সন্ধান পাওয়া গেছে, কেউ নিখোঁজ হননি এবং কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, শোধনাগার থেকে উঁচু আগুনের শিখা জ্বলছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত জোরালো এবং এর অভিঘাতে আশপাশের বহু বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।
পোর্ট আর্থার শহরটি টেক্সাসের রাজধানী হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত। ভালেরোর ওয়েবসাইট অনুযায়ী, বিস্ফোরণকবলিত শোধনাগারটিতে প্রায় ৮০০ কর্মী কাজ করতেন এবং প্রতিদিন সেখানে ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। পাশাপাশি এই স্থাপনাটি থেকে গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েলও উৎপাদন করা হয়।
সূত্র: এএফপি