
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ইরানকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিবেদনের বেপারে মুখ খুলেছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, তেহরানের জন্য ড্রোন পাঠানোর কোনো প্রস্তুতি নেই।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘গণমাধ্যমে এত বেশি মিথ্যা রটানো হচ্ছে... তাদের প্রতি মনোযোগ দেবেন না।’
রাশিয়া ও ইরানের মধ্যে একটি ‘কৌশলগত অংশীদারত্ব চুক্তি’ রয়েছে। তেহরানে মার্কিন–ইসরায়েলি হামলার বিরোধিতা করে আসছে মস্কো। তবে এখন পর্যন্ত প্রকাশ্যে ইরানকে অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহের কোনো তথ্য সামনে আসেনি। যদিও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে, গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়া ইরানকে সহায়তা করছে।
অন্যদিকে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে ইরানের ভূমিকা আগে থেকেই আলোচনায় রয়েছে। বিশেষ করে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন ব্যবহারের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িত ইরানকে ড্রোন, খাদ্য ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া।
সূত্র: আল জাজিরা