
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে রাশিয়া ও ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে উদ্ভূত সংকট নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে রুদ্ধদ্বার আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) ফোনালাপে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আলোচনায় ল্যাভরভ তেহরানে নতুন করে মানবিক সহায়তা পাঠানোর বিষয়েও আরাগচিকে অবহিত করেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক আইন মেনে এবং সংশ্লিষ্ট সব দেশের স্বার্থ বিবেচনায় রেখে চলমান সংঘাতকে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের সম্ভাবনা নিয়েও তারা আলোচনা করেছেন।
এর আগে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তেহরানে ৩১৩ টন চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। এটি দ্বিতীয় দফার বড় মানবিক সহায়তা চালান এবং আজারবাইজানের সহযোগিতায় এই সরবরাহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এ পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এসব হামলায় হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর প্রভাব পড়েছে বৈশ্বিক বাজার ও আন্তর্জাতিক বিমান চলাচলেও।
সূত্র: আনাদোলু