
জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার টুর্ক দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে হওয়া প্রাণঘাতী বোমা হামলার দ্রুত এবং স্বচ্ছ তদন্ত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই হামলায় ১১০ শিশুসহ মোট ১৬৮ জন নিহত হয়েছেন।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, মার্কিন বাহিনী সম্ভবত অনিচ্ছাকৃতভাবে স্কুলটিতে আঘাত হেনেছে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
জাতিসংঘ মানবাধিকার পরিষদে সংঘাতকালীন শিশুদের সুরক্ষা নিয়ে আলোচনার সময় টুর্ক বলেন, “যারা হামলা চালিয়েছে, তাদের ওপরই দ্রুত, নিরপেক্ষ, স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জবাবদিহিতার নিশ্চিতের দায়িত্ব বর্তায়।”
এদিকে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র উভয়ই পৃথকভাবে এই ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে।