
সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে—ইরান-সংযুক্ত এক হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, তারা এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে কিছু ব্যক্তিগত তথ্য ও ছবি প্রকাশ করেছে।
শুক্রবার (২৭ মার্চ) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হ্যাকাররা যে ছবিগুলো প্রকাশ করেছে, তাতে প্যাটেলকে ধূমপান করতে দেখা যায়। এছাড়া একটি পুরোনো কনভার্টিবলে ভ্রমণের ছবি এবং বড় একটি রামের বোতল হাতে আয়নার সামনে সেলফি তোলার দৃশ্যও রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, কাশ প্যাটেলের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে পড়া উপকরণগুলো সত্য বলে মনে হচ্ছে।
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এফবিআই। অন্যদিকে হ্যাকার গোষ্ঠীর পক্ষ থেকেও নতুন করে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
‘হান্ডালা’ নামের এই গোষ্ঠী নিজেদের ফিলিস্তিনপন্থী বা স্বেচ্ছাসেবী হ্যাকার দল হিসেবে পরিচয় দিলেও পশ্চিমা গবেষকদের মতে, এটি ইরানের সাইবার গোয়েন্দা সংস্থার ব্যবহৃত একাধিক পরিচয়ের একটি।
এর আগে, ১১ মার্চ যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক চিকিৎসা সরঞ্জাম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্ট্রাইকার হ্যাক করার দাবিও করেছিল এই গোষ্ঠী। সে সময় তারা জানিয়েছিল, কোম্পানিটির বিপুল পরিমাণ তথ্য মুছে ফেলা হয়েছে।