
পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের একটি পরিকল্পনা তৈরি করছে। এই পরিকল্পনায় খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালীর কাছাকাছি উপকূলীয় এলাকায় হামলার সম্ভাবনাও রয়েছে।
ওয়াশিংটন থেকে এএফপি এই তথ্য জানিয়েছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কোনো ধরনের মোতায়েনের অনুমোদন দেননি।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য স্থল অভিযান সম্পূর্ণ পরিসরের হবে না। বরং এতে বিশেষ বাহিনী এবং নিয়মিত পদাতিক সেনাদের নিয়ে সীমিত ধরনের অভিযান চালানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা।
শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘স্থল সেনা ছাড়াই আমরা আমাদের সব লক্ষ্য অর্জন করতে পারি।’
তবে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পরিকল্পনাটি যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। একজন কর্মকর্তা মন্তব্য করেছেন, ‘এটি শেষ মুহূর্তের পরিকল্পনা নয়।’
সূত্র: এএফপি, ওয়াশিংটন পোস্ট