
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি আন্দোলন, যাদের কার্যক্রম নিয়ে উদ্বেগে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউর লোহিত সাগর অঞ্চলে নিয়োজিত নৌ-মিশন অপারেশন আস্পাইডস জানিয়েছে, ইরানের প্রতি হুথিদের সমর্থন বাড়ছে—এ বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে মিশনটি জানায়, শিপিং শিল্পের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। বাণিজ্যিক জাহাজগুলোকে নিবন্ধন করতে এবং সমুদ্রপথে চলাচলের সময় নিরাপত্তা সহায়তা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইইউর এই মিশন আরও জানায়, বাণিজ্যিক জাহাজ রক্ষা এবং নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে তাদের নৌ-সম্পদ লোহিত সাগর এলাকায় সতর্ক অবস্থানে মোতায়েন রয়েছে।
এর আগে ২০২৩ সালে ফিলিস্তিনে ইসরাইলি অভিযানের প্রতিবাদে সামরিক পদক্ষেপ নেয় হুথিরা। সেই সময় তাদের হামলায় ইসরাইলি ও পশ্চিমা জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, লোহিত সাগর রুট প্রায় বন্ধ হয়ে যায় এবং জাহাজগুলোকে বাধ্য হয়ে দক্ষিণ আফ্রিকা উপকূল ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।
সেই অভিজ্ঞতার আলোকে এবার আগেভাগেই সতর্ক হচ্ছে ইউরোপ। হুথিদের ক্রমবর্ধমান তৎপরতা এবং আঞ্চলিক সংঘাতের বিস্তার আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা।