
ইরানকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে—আলোচনার বার্তার আড়ালে গোপনে সামরিক অভিযানের প্রস্তুতির অভিযোগ তুলেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার।
রোববার (২৯ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন।
গালিবফ বলেন, “শত্রু পক্ষ প্রকাশ্যে আলোচনার বার্তা পাঠাচ্ছে এবং গোপনে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। আমাদের বীর যোদ্ধারা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে। ইরানি মাটিতে পা রাখামাত্রই তাদের পুড়িয়ে মারা হবে।”
এর আগে একই দিন সকালে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ডের তথ্যের বরাতে জানায়, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এ উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে ৩১তম মেরিন অভিযাত্রী ইউনিটের প্রায় ৩ হাজার ৫০০ সেনা মোতায়েনের ঘোষণা দেওয়া হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপোলি তার দায়িত্বপূর্ণ এলাকায় পৌঁছেছে বলে জানানো হয়েছে। তবে জাহাজটির নির্দিষ্ট অবস্থান বা সেনাদের সম্ভাব্য মোতায়েনস্থল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।