
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর নিখোঁজ এক ক্রু সদস্যকে উদ্ধারে জোর তল্লাশি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে খুঁজে বের করতে শুক্রবার রাতেই মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা ইরানে প্রবেশ করেছে।
তবে ইরানে মার্কিন বিশেষ বাহিনীর এই অভিযানের বিস্তারিত তথ্য প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতোমধ্যে অভিযানে একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে যুদ্ধবিমানটির দ্বিতীয় ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের এক সাবেক কমান্ডার জানিয়েছেন, নিখোঁজ ক্রু সদস্যকে শনাক্ত করতে বিশেষজ্ঞ যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার ইউনিটগুলো ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে বিস্তৃত এলাকায় তল্লাশি চালাবে।
তিনি আরও বলেন, যদি লক্ষ্যস্থল এমন জায়গায় হয় যেখানে হেলিকপ্টার অবতরণ সম্ভব নয়, তাহলে এসি-১৩০ গানশিপ থেকে বিশেষ স্কোয়াড নেমে স্থলপথে উদ্ধার অভিযান পরিচালনা করবে।
অন্যদিকে, নিখোঁজ মার্কিন ক্রু সদস্যকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে ইরানও সমান্তরালভাবে তৎপরতা চালাচ্ছে। পাইলটকে খুঁজে পেতে দেশটি পুরস্কার ঘোষণাও করেছে।