
ভারতের বিরুদ্ধে সম্ভাব্য ‘দুঃসাহসিকতা’ মোকাবিলায় কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান, যেখানে প্রয়োজনে কলকাতাকেও লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দেওয়া হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৪ এপ্রিল) শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই মন্তব্য করেন।
তিনি বলেন, উসকানি পেলে ইসলামাবাদ কলকাতাকে লক্ষ্যবস্তু করতে পারে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ভারত একটি ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান পরিচালনার চেষ্টা করতে পারে।
লাহোর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের নিজ শহর শিয়ালকোটে দেওয়া বক্তব্যে খাজা আসিফ আরও বলেন, ভারত যদি এবার কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে ইনশাআল্লাহ, আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব।
প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, এমন ধরনের অভিযানে স্থানীয় কর্মী কিংবা ভারতীয় হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে পরিস্থিতি সাজানো হতে পারে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
এর আগে বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে খাজা আসিফ বলেছিলেন, যেকোনো হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়া হবে ‘দ্রুত, সুপরিকল্পিত এবং চূড়ান্ত।’