
ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় পাইলটকে খুঁজে পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র, যদিও উদ্ধার অভিযান এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ভূপাতিত হওয়া এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে তীব্র গোলাগুলির মধ্যে উদ্ধার করা হয়েছে। তবে পুরো অভিযান এখনও শেষ হয়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া পাইলট এখনো ইরানের ভূখণ্ডেই অবস্থান করছেন। মার্কিন কর্মকর্তাদের মতে, উদ্ধারকারী দল এখনো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে কাজ করছে এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ।
কর্মকর্তারা জানান, নিখোঁজ ক্রুকে খুঁজে পাওয়া গেলেও তিনি এখনো পুরোপুরি নিরাপদ নন। উদ্ধারকারী দলকে সফলভাবে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে পৌঁছাতে হবে।
এদিকে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দেহদাস্ত অঞ্চলে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই এলাকাতেই শুক্রবার মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়।
শুক্রবার ইরানের আকাশসীমায় যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। ওই রাতেই যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিতে ইরানে প্রবেশ করে।
সিবিএস নিউজ যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাতে জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে একটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।
অন্যদিকে, নিখোঁজ পাইলটকে খুঁজে পেতে ইরানও ব্যাপক অনুসন্ধান চালায় এবং তাকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণাও দেয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনী পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।