
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।
প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর।
তবে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে লেবানন ইস্যুকে কেন্দ্র করে।
গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হলেও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, যুদ্ধবিরতির আওতায় লেবাননও থাকবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই অবস্থান প্রত্যাখ্যান করেন।
এর পর লেবাননে নতুন করে হামলা শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেখানে শতাধিক হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইরান দাবি করে, আলোচনায় বসার আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে—এমন শর্তে অগ্রগতি আটকে যায়।
ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ জানায়, লেবানন ইস্যুকে কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ স্থগিত হয়ে যেতে পারে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই জটিল কূটনৈতিক টানাপোড়েন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি নিরাপত্তার ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।