
দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক শান্তি আলোচনার প্রথম দফা শেষ হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় ইসলামাবাদ-এ।
বিবিসি উর্দুর বরাতে জানা গেছে, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রাথমিক আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে।
সূত্র মতে, আগামীকাল রোববার সকালে আবারও ত্রিপক্ষীয় আলোচনা শুরু হবে।
স্থানীয় সময় বিকেল ৪টায় হোটেল সেরেনা-এ এ বৈঠক শুরু হয়। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লব-এর পর এই প্রথম দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলো।
বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সভাপতিত্ব করেন। ইরানের পক্ষে নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার সঙ্গে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।
পাকিস্তানের পক্ষে মধ্যস্থতায় ছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
আল জাজিরা জানিয়েছে, প্রথমে পরোক্ষ আলোচনার কথা থাকলেও পরে পাকিস্তানের মধ্যস্থতায় একই কক্ষে বসে সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা হয়।
এদিকে, কড়া নিরাপত্তার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ায় কোনো সাংবাদিককে হোটেলে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে ইসলামাবাদে শত শত সাংবাদিক অবস্থান করছেন এবং পাকিস্তান কর্তৃপক্ষ তাদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করেছে।