
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহ-কে পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দলীয় সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেন নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
অভিযোগে বলা হয়, নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি স্বাস্থ্য বিমা বোর্ডের সদস্য পদে নিজের স্ত্রীকে বহাল রেখেছিলেন। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
তদন্তে দেখা যায়, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারি প্রভাব খাটিয়ে স্ত্রীকে গুরুত্বপূর্ণ একটি বোর্ড পদে রাখেন, যা নৈতিকতা ও প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।
তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি জানিয়েছে, শৃঙ্খলা কমিশনের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হচ্ছে।
এ ঘটনায় দলের আরেক সদস্য ও স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতা-কেও সতর্ক করা হয়েছে বলে জানা গেছে।
দীপক কুমার শাহ গত ২৮ মার্চ মন্ত্রী হিসেবে শপথ নেন এবং ৫ মার্চের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।