
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরাইলের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে নৌ-চলাচল বাধাগ্রস্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মেলোনি। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় সচল করতে ‘সব ধরনের সম্ভাব্য প্রচেষ্টা’ চালানো জরুরি, কারণ আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই অস্থিতিশীল বাস্তবতা বিবেচনায় নিয়ে ইসরাইলের সঙ্গে ইতালির প্রতিরক্ষা সহযোগিতার স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ইতালি ও ইসরাইলের মধ্যে প্রতিরক্ষা চুক্তিটি ২০০৩ সালে স্বাক্ষরিত হয় এবং পরবর্তী সময়ে প্রতি পাঁচ বছর অন্তর তা নবায়ন করা হয়ে আসছিল। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম বিনিময়, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নসহ নানা ধরনের সহযোগিতা চলছিল। তবে বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে সেই সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব নয় বলে একটি গণমাধ্যমকে জানান ইতালির প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র।
বিশ্লেষকদের মতে, ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য দেশ হিসেবে ইতালির এই সিদ্ধান্ত ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে পারে। একই সঙ্গে এটি ইউরোপীয় দেশগুলোর নীতিতে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যের সংকট ও হরমুজ প্রণালিকে ঘিরে বিশ্বশক্তিগুলোর অবস্থান বিভক্ত হয়ে উঠেছে।