
থাইল্যান্ডে ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব সঙক্রান চলাকালে সড়ক দুর্ঘটনা প্রতি বছরই উদ্বেগজনক মাত্রায় পৌঁছে যায়। চলতি বছরও এর ব্যতিক্রম হয়নি।
সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট-এর তথ্য অনুযায়ী, উৎসবের প্রথম চার দিনে দেশজুড়ে ৭৫৫টি সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত এবং সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। রাজধানী ব্যাংকক-এ সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে, কারণ এ সময় শহরটিতে মানুষের চলাচল ও উৎসবের ভিড় সবচেয়ে বেশি থাকে।
বিশেষ করে ১৩ এপ্রিল (সোমবার) একদিনেই ২৩৭টি দুর্ঘটনা ঘটে, যাতে ৫১ জনের মৃত্যু হয়। এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় ড্রাইভিং এবং মোটরসাইকেল ব্যবহারকারীদের অসতর্কতাকে দায়ী করা হচ্ছে।
থাইল্যান্ডে নববর্ষ উৎসবটি মূলত সঙক্রান উৎসব নামে পরিচিত। এটি প্রতি বছর ১৩ থেকে ১৫ এপ্রিল—এই তিন দিন সরকারিভাবে উদযাপিত হয়। তবে বাস্তবে উৎসবের আমেজ ও ভ্রমণ কার্যক্রম সাধারণত ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত প্রায় ৭ দিন ধরে চলে। এই পুরো সময়টিকেই দেশটিতে ‘সেভেন ডেঞ্জারাস ডেজ’ বা ‘বিপজ্জনক সাতদিন’ বলা হয়।
এই সময় লাখো মানুষ নিজ নিজ বাড়িতে ফেরেন বা ভ্রমণে বের হন। পাশাপাশি সঙক্রানের প্রধান আকর্ষণ পানি ছিটানো উৎসব (ওয়াটার ফাইট) সড়কেও প্রভাব ফেলে, যা অনেক সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
প্রতিবছরই থাইল্যান্ড সরকার এ সময় বিশেষ ট্রাফিক নজরদারি, চেকপোস্ট এবং জনসচেতনতা কার্যক্রম চালালেও দুর্ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এখনো চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।
সূত্র: ব্যাংকক পোস্ট