
ইরানি বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ কার্যকর হওয়ার পর তা ভাঙতে ব্যর্থ হয়ে হরমুজ প্রণালিতে ফিরে যেতে বাধ্য হয়েছে নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজ ‘রিচ স্টারি’। এ ঘটনা আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
শিপিং তথ্য বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) পারস্য উপসাগর ছাড়ার চেষ্টা করলেও পরদিন বুধবার জাহাজটি আবার হরমুজ প্রণালিতে ফিরে আসে। গত রোববার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ জোরদারের ঘোষণা দেন। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলো বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানায়, অবরোধ কার্যকর হওয়ার প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজই তাদের নিয়ন্ত্রণ বলয় অতিক্রম করতে পারেনি। অন্তত ছয়টি জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশ মেনে পুনরায় ইরানি বন্দরে ফিরে যায়।
মঙ্গলবার ওমান উপসাগরের চাবাহার বন্দর থেকে দুটি তেলবাহী ট্যাংকার বের হওয়ার চেষ্টা করলে একটি মার্কিন যুদ্ধজাহাজ তাদের পথরোধ করে। ওইদিন এই পথ দিয়ে অতিক্রমের চেষ্টা করা আটটি জাহাজের মধ্যে ‘রিচ স্টারি’ও ছিল, তবে সেটিও শেষ পর্যন্ত সফল হয়নি।
সাংহাইভিত্তিক সুয়ানরুন শিপিং কোম্পানির মালিকানাধীন এই মাঝারি আকারের ট্যাংকারটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করছিল। ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের কারণে জাহাজটি এবং এর মালিক প্রতিষ্ঠান উভয়ই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
এদিকে এলএসইজি-র তথ্য অনুযায়ী, ‘অ্যালিসিয়া’ নামের আরেকটি বড় তেলবাহী ট্যাংকার বুধবার হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করছে। প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম এই খালি জাহাজটি বৃহস্পতিবার ইরাক থেকে তেল বোঝাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে।
বর্তমান নৌ-অবরোধের ফলে বিশ্বব্যাপী জাহাজ মালিক, তেল কোম্পানি এবং যুদ্ধঝুঁকি বিমা খাতে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল সংঘাত শুরুর আগে এই জলপথ দিয়ে প্রতিদিন গড়ে ১৩০টির বেশি জাহাজ চলাচল করত।
তবে এখন সেই সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে এসেছে। হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর কঠোর অবস্থান বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছে এবং আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে দীর্ঘমেয়াদি সংকটের আশঙ্কা তৈরি করেছে।
সূত্র: এনডিটিভি