
বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে খুলে’ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, “আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি। এতে চীন খুবই সন্তুষ্ট হবে। ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ প্রণালী আর কখনও অবরুদ্ধ থাকবে না।” তিনি আরও দাবি করেন, এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
পোস্টে ট্রাম্প চীনের সঙ্গে সমন্বয়ের কথাও উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, ইরানে সমরাস্ত্র না পাঠানোর বিষয়ে চীন সম্মত হয়েছে এবং শিগগিরই তিনি চীন সফরে গেলে প্রেসিডেন্ট শি জিনপিং তাকে উষ্ণভাবে স্বাগত জানাবেন। ট্রাম্প বলেন, সংঘাতে জড়ানোর চেয়ে এ ধরনের সমঝোতা অনেক বেশি কার্যকর।
এদিকে, পরিস্থিতি নিয়ে উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি। ইরান আগেই সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ অব্যাহত রাখে, তাহলে শুধু লোহিত সাগর নয় পারস্য উপসাগর ও ওমান উপসাগরেও বাণিজ্য কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানো হবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই ঘোষণা আন্তর্জাতিক বাজারে স্বস্তি আনতে পারে, তবে বাস্তব পরিস্থিতি নির্ভর করবে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের পরবর্তী গতিপ্রকৃতির ওপর।