
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ শান্তি আলোচনায় নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনার প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদ ত্যাগ করেছেন, তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে তেহরানের শর্তসম্বলিত একটি দাবি-পত্র রেখে গেছেন।
সূত্র অনুযায়ী, ইসলামাবাদ সফরকালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির-এর সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ইরানের অবস্থান ও যুদ্ধবিরতির শর্তগুলো স্পষ্টভাবে তুলে ধরেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আল জাজিরা সূত্রে জানা যায়, আরাঘচি আলোচনায় সরাসরি না বসলেও কূটনৈতিক বার্তা দিয়ে তিনি ওমান ও রাশিয়ার উদ্দেশ্যে পরবর্তী সফরে রওনা হয়েছেন।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনার পরবর্তী ধাপে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, দলে রয়েছেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
হোয়াইট হাউস–এর উদ্যোগে এই কূটনৈতিক প্রক্রিয়াটি দীর্ঘ বিরতির পর আবার শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসলামাবাদ এখন এই পরোক্ষ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে একদিকে ইরানের শর্ত, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া—দুই দিকেই নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।