
ইরানের তেল বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন করে চীনের একটি বড় রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২৪ এপ্রিল) ট্রাম্প প্রশাসন এ ঘোষণা দেয়।
মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগ, চীনের হেংগলি পেট্রোকেমিক্যাল ইরান থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে, যার আর্থিক মূল্য কয়েক বিলিয়ন ডলার।
এছাড়া যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের একটি শাখা ইরানের “শ্যাডো ফ্লিট” বা গোপন জাহাজ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রায় ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে।
এই পদক্ষেপের সমালোচনা করেছে চীন। দেশটির দূতাবাস এক বিবৃতিতে এটিকে “একতরফা ও অবৈধ” বলে উল্লেখ করে জানিয়েছে, এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে।
চীন আরও সতর্ক করে বলেছে, বাণিজ্যিক সম্পর্ককে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।
এর আগে ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে চীনের আরও কয়েকটি রিফাইনারিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় এসেছিল। বিশ্লেষকদের মতে, এই নতুন পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট