
সোমালিয়া উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকার জলদস্যুদের হাতে আটক হয়েছে, যার সঙ্গে জাহাজে থাকা ১১ জন পাকিস্তানি নাগরিককেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) এই তথ্য প্রকাশ করে জিও নিউজ, যা দ্য নিউজের বরাতে জানানো হয়েছে।
জাহাজটির নাম ‘অনার ২৫’ বলে জানা গেছে। এটি ২১ এপ্রিল জলদস্যুদের আক্রমণের শিকার হয় এবং পরে তাদের নিয়ন্ত্রণে চলে যায়।
পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, নাবিকদের নিরাপদে উদ্ধারের জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি সরাসরি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানানো হয়।
সমুদ্র বিষয়ক মন্ত্রী জুনাইদ আনোয়ার চৌধুরী ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিকভাবে দ্রুত উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে সোমালিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করে জাহাজ ও নাবিকদের মুক্ত করা যায়।
বিশ্লেষকদের মতে, সম্প্রতি বৈশ্বিক সমুদ্রপথে অস্থিরতা এবং আঞ্চলিক উত্তেজনার কারণে বাণিজ্যিক জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার উপকূলীয় এলাকায় জলদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে।
এর আগে ২০২৪ সালেও সোমালিয়া উপকূলে একটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজসহ নাবিকদের জলদস্যুরা আটক করেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হয়।
বর্তমান ঘটনায় নতুন করে তেল পরিবহন ও আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।