
হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে ইরান যেন এই গুরুত্বপূর্ণ নৌপথকে ব্যবহার করে বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি’ করতে না পারে- এমন অবস্থান জানিয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এখানে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তা বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনাকে সফল করতে ব্রিটিশ সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
ব্রিটিশ কর্মকর্তারা সতর্ক করে বলছেন, হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি অস্থিরতা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই প্রণালিটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে যেকোনো উত্তেজনা সরাসরি তেলের দামে প্রভাব ফেলে।
