
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে ভয়াবহ ট্রেন সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু যাত্রী, যাদের মধ্যে ৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বেকাসি তিমুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি কমিউটার ট্রেন আগে থেকেই লাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় একই লাইনে প্রবেশ করা একটি দূরপাল্লার ট্রেন পেছন থেকে এসে সেটিকে ধাক্কা দিলে ভয়াবহ সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পর হতাহতের সংখ্যা নিয়ে শুরুতে কিছু বিভ্রান্তি থাকলেও পরে পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন রেল সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা জানান, আহত ৩৮ জনকে দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে জরুরি অভিযান চালানো হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
রাজধানী জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের এই দুর্ঘটনা দেশটির রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।