
জাতীয় সংসদের দর্শক গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠের নামে। একইসঙ্গে সংসদ ভবনের প্রধান প্রবেশ ফটকের নাম রাখা হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর নামে।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরদের সম্মানিত করতেই এই নামকরণ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভিআইপি গ্যালারি–১ এর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে এবং ভিআইপি গ্যালারি–২ রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের নামে, যা সাংবাদিকদের জন্য সংরক্ষিত থাকবে।
এছাড়া গ্যালারি–৩ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, গ্যালারি–৪ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, গ্যালারি–৫ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি–৬ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি–৭ বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের নামে নামকরণ করা হয়েছে।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, “এটা প্রধানমন্ত্রীর পরিকল্পনা ছিল। আমাদের স্বাধীনতা এসেছে যাঁদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে, তাঁদের সম্মান জানানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, এই নামকরণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও গভীরভাবে ধারণ করতে সাহায্য করবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগে গ্যালারিগুলো বিভিন্ন ফুল ও নদীর নামে পরিচিত ছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেগুলো মুক্তিযুদ্ধের বীরদের নামে পুনঃনামকরণ করা হলো।