
বাংলাদেশ ও চীন দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা, প্রতিরক্ষা খাত এবং সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষই বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার বিষয়ে একমত প্রকাশ করেন এবং ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ দেখান।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে এ ধরনের কূটনৈতিক ও সামরিক যোগাযোগ দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও বিস্তৃত করতে ভূমিকা রাখতে পারে।