
তথ্যের অখণ্ডতা নিশ্চিত করা, ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত তথ্য কমিটির ৪৮তম অধিবেশনের সাধারণ বিতর্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতিসংঘে বাংলাদেশের মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ভ্রান্ত তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা, ঘৃণামূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার বিশ্বব্যাপী বিভাজন বাড়াচ্ছে এবং সামাজিক আস্থা ক্ষুণ্ণ করছে।
তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং ডিজিটাল বৈষম্য কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে তিনি মিয়ানমারের রোহিঙ্গা সংকট এবং গাজায় চলমান মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করে বলেন, এসব ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই সঠিক তথ্য প্রচার ও বৈশ্বিক সচেতনতা বাড়ানো জরুরি।
রাষ্ট্রদূত বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের কথা তুলে ধরেন, বিশেষ করে নারী শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করেন।
তিনি শান্তিরক্ষা কার্যক্রমে অপপ্রচার মোকাবিলা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং পরিবেশগত দায়িত্বশীলতা বাড়াতে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান।
বাংলাদেশ জাতিসংঘের নীতিমালা ও মূল্যবোধের ভিত্তিতে একটি দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।