
শনিবার সকালে ভারতজুড়ে লাখো মানুষের মোবাইল ফোনে হঠাৎ বিকট শব্দে বেজে ওঠে জরুরি অ্যালার্ট, যা মুহূর্তের মধ্যে জনমনে কৌতূহল ও কিছুটা উদ্বেগের সৃষ্টি করে। তবে এই শব্দ কোনো আসন্ন বিপদের সংকেত ছিল না; বরং এটি ছিল ভারত সরকারের একটি পরিকল্পিত প্রযুক্তিগত মহড়া।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে দেশব্যাপী ‘জরুরি দুর্যোগ সতর্কতা’ ব্যবস্থার একটি পরীক্ষামূলক সম্প্রচার চালানো হয়েছে। এর ফলে ব্যবহারকারীদের স্মার্টফোনে বিশেষ পপ-আপ বার্তার সাথে তীব্র অ্যালার্ম বেজে ওঠে।
‘সেল ব্রডকাস্ট’ প্রযুক্তির পরীক্ষা
মূলত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি অবস্থায় সাধারণ মানুষকে দ্রুত সতর্ক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সরকারের পক্ষ থেকে পাঠানো বার্তায় জানানো হয়, নাগরিকদের জন্য তাৎক্ষণিক তথ্য সেবা নিশ্চিত করতে নিজস্ব প্রযুক্তিতে ‘সেল ব্রডকাস্ট’ ব্যবস্থা চালু করা হয়েছে। একইসাথে এটি যে কেবল একটি ‘টেস্ট মেসেজ’ বা পরীক্ষামূলক বার্তা, সেটিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়।
ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছে, ভবিষ্যতে যেকোনো বিপর্যয়ে নির্ভুল ও দ্রুত তথ্য আদান-প্রদানের সক্ষমতা যাচাই করতেই এই পদক্ষেপ। এই প্রক্রিয়ায় ইংরেজি ও হিন্দির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও ধাপে ধাপে বার্তা পাঠানো হতে পারে।
আন্তর্জাতিক মানদণ্ড ও যৌথ উদ্যোগ
এই বিশেষ সতর্কবার্তা ব্যবস্থাটি ‘কমন অ্যালার্টিং প্রোটোকল’ (CAP)-এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের বৈশ্বিক মানদণ্ড মেনে চলে। এই প্রকল্পটি বাস্তবায়নে ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারিতেও ভারতজুড়ে আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে একই ধরনের একটি ‘টেস্ট অ্যালার্ট’ পাঠানো হয়েছিল। সরকার পুনরায় অনুরোধ করেছে যে, এ ধরনের পরীক্ষামূলক বার্তায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং এর বিপরীতে নাগরিকদের কোনো পদক্ষেপ নেওয়ারও প্রয়োজন নেই।