
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ৭.৮ মাত্রার এই কম্পনে ভবন ধস, সড়কে ফাটল এবং আতঙ্কে মানুষের ছোটাছুটির খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্তত একজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) সকালে দেশটির দক্ষিণ উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের তীব্রতায় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকটি বহুতল ভবন ধসে পড়ে। ভূমিকম্পের পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি সেবা সংস্থাগুলো।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর এসেছে জেনারেল সান্তোস সিটি থেকে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শহরের বিভিন্ন বাণিজ্যিক ভবন ও স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে কয়েকটি বাণিজ্যিক ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষকে নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় ছুটতে দেখা যায়।
একজন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা বলেন, বিভিন্ন স্থাপনা ধসে পড়ার খবর পাওয়া গেছে। তবে উদ্ধারকাজ চলমান থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনই নির্ধারণ করা সম্ভব নয়।
ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে ফিলিপাইন রেড ক্রস। সংস্থাটির উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ শুরু করেছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমুদ্রসৈকত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।