
জাপানের রাজধানী টোকিওসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় দুপুরে আঘাত হানা এ ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চিবা প্রিফেকচার। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে। জাপানের সাত স্তরের ভূমিকম্পের তীব্রতা স্কেলে সর্বোচ্চ ৪ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় সুনামির কোনো ঝুঁকি নেই।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৮ বলে নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল যকশিবা শহরের প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল প্রায় ৫৬ কিলোমিটার।
ভূমিকম্পের পর টোকিও ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।