
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ের আগে উরুগুয়ে শিবিরে দেখা দিয়েছে অস্থিরতা। দলের কয়েকজন জ্যেষ্ঠ ফুটবলার প্রধান কোচ মার্সেলো বিয়েলসার অনুশীলন পদ্ধতি ও ম্যাচ পরিকল্পনা নিয়ে সরাসরি আপত্তি তুলেছেন। স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড় ও কোচের এই মতবিরোধ দলটির প্রস্তুতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
উরুগুয়ের একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দলের জ্যেষ্ঠ খেলোয়াড় সার্জিও রকেত, মানু উগার্তে, রদ্রিগো বেন্তানকুর ও ফেদে ভালভের্দে কোচ বিয়েলসার সঙ্গে প্রায় ৪৮ মিনিট বৈঠক করেন। সেখানে তারা অভিযোগ করেন, অনুশীলনের মাত্রাতিরিক্ত চাপের কারণে খেলোয়াড়রা চোটে পড়ছেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শতভাগ ফিট থাকতে পারছেন না।
বৈঠকে স্পেনের বিপক্ষে কৌশল নিয়েও মতপার্থক্য দেখা দেয়। বিয়েলসা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইলেও জ্যেষ্ঠ খেলোয়াড়রা রক্ষণ মজবুত রেখে পাল্টা আক্রমণের কৌশলের পক্ষে মত দেন। এতে কোচ অসন্তুষ্ট হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
খবরে আরও বলা হয়েছে, আলোচনার একপর্যায়ে বিয়েলসা কয়েকজন খেলোয়াড়কে স্মরণ করিয়ে দেন, লুইস সুয়ারেজ ও নাহিতান নান্দেজকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্তের পর তাকে সরিয়ে দেওয়ার চেষ্টাও হয়েছিল।
বিশ্বকাপে এখন কঠিন সমীকরণের মুখে রয়েছে উরুগুয়ে। প্রথম দুই ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ এবং কেপ ভার্দের সঙ্গে ২-২ গোলে ড্র করায় দলটি নকআউট পর্বে ওঠার দৌড়ে পিছিয়ে পড়েছে। শেষ গ্রুপ ম্যাচে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে হারাতে পারলেই কেবল পরবর্তী পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে পারবে উরুগুয়ে।